কানাডা কানাডায় বেকারত্ব নয় বছরের মধ্যে সর্বোচ্চ

কানাডায় বেকারত্ব নয় বছরের মধ্যে সর্বোচ্চ


স্টাফ রিপোর্ট


কানাডায় বেকারত্ব গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মে মাসে বেকারত্ব সাত শতাংশে পৌঁছায়। এ সময়ে দেশটির শ্রম বাজারে মোট ১৬ লাখ মানুষ কর্মহীন ছিল।

 

পরিসংখ্যান কানাডার হিসাবে, গত তিন মাস যাবৎ দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং মে মাসে বেকারত্বের হার এক বছরের ব্যবধানে প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

 

সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার এই পর্যায়ে ছিল। তবে ২০২০ এবং ২০২১ সালে করোনা ভাইরাস সময়ের হিসাব এ পরিসংখ্যানের অন্তর্ভুক্ত নয়। করোনাকালীন সময়ে মানুষের পক্ষে কাজ পাওয়া স্বাভাবিকভাবেই খুব কঠিন হয়ে পড়েছিল।

 

পরিসংখ্যান কানাডা বলছে, “বর্তমান শ্রম বাজারে মানুষের পক্ষে কাজ পাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।” প্রকৃতপক্ষে গত জানুয়ারি থেকে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো প্রবৃদ্ধি ঘটেনি।

 

এদিকে, কানাডা থেকে রফতানিকৃত বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক গত মে মাসে কার্যকর হয়েছে।

 

ব্যাংক অফ মনট্রিয়েলের (বিএমও) প্রধান অর্থনীতিবিদ ডাগ পোর্টার এ বিষয়ে বলেন, "বাইরে থেকে মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। তবে এর প্রভাব ভালোভাবে বুঝতে আরো অপেক্ষা করতে হবে - বিশেষ করে মোটরগাড়ি, স্টিল এবং এলুমিনিয়াম খাতে।" বর্তমানে এসব খাতে কর্মসংস্থান হওয়ার কোন সুযোগ নেই।

 

আগে যারা কর্মহীন হয়ে পড়েছিল তাদের খুব কম সংখ্যক মানুষই এখন কাজ পাচ্ছে। কর্মহীন মানুষকে কাজ খুঁজতে এখন অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে। একজনকে কাজ পেতে এখন গড়ে প্রায় ২২ সপ্তাহ বা পাঁচ মাসের সমান ব্যয় করতে হচ্ছে। এক বছর আগেও এ সময় ছিল ১৮ সপ্তাহ বা চার মাসের কিছু বেশি। পরিসংখ্যান কানাডা বলছে, “এতে বোঝা যায় মানুষের কাজ পাওয়া এখন কতটা কঠিন হয়ে পড়েছে!"