কানাডা কানাডার নাগরিকদের বাংলদেশ ভ্রমণ না করার পরামর্শ

কানাডার নাগরিকদের বাংলদেশ ভ্রমণ না করার পরামর্শ


ডেস্ক রিপোর্ট

 

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে কানাডা সরকার নিজ দেশের নাগরিকদের জরুরি কারণ ছাড়া সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সরকারের ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে কোনো নাগরিক জরুরি কারণে বাংলাদেশ ভ্রমণ করলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

 

সরকারি চাকুরীতে কোটা ইস্যুতে রাজধানী ঢাকাতে জুলাই মাসের শুরুতে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও সাধারণ ধর্মঘট সারাদেশ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশগ্রহণকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে অসংখ্য প্রাণহানি ঘটেছে এবং যে কোনো সময় পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে সরকারের ওয়েবসাইটে ২১ জুলাই উল্লেখ করা হয়েছে।

 

পরামর্শ দেয়া সত্ত্বেও বাংলাদেশে ভ্রমণ করলে সব সময় সতর্ক এবং স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের অবহিত থাকতে বলা হয়েছে। এছাড়াও সান্ধ্য আইনসহ স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

 

বাংলাদেশ সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট না করতে বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া না জানানোর পরামর্শ দিয়ে কানাডা সরকার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ জায়গায় থাকতে বলেছে।

 

কোনো জায়গায় বিক্ষোভ হলে বা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত জনসমাবেশ হলে সেসব জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহারসহ বিমান ও সড়ক যোগাযোগ ব্যহত হতে পারে বলে নাগরিকদের সতর্ক করে দিয়েছে কানাডা সরকার।