কানাডা হাজার হাজার মর্টগেজ খেলাপি হওয়ার আশংকা

হাজার হাজার মর্টগেজ খেলাপি হওয়ার আশংকা


স্টাফ রিপোর্ট


নবায়নের সময় মাসিক কিস্তি বেড়ে গেলে কানাডার হাজার হাজার বাড়ির মর্টগেজ খেলাপি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

চলতি এবং আগামী বছরে প্রায় ২২ লাখ মর্টগেজ নবায়ন করতে হবে। বর্তমানে সুদের হার বেশি হওয়ার কারণে এসব মর্টগেজের অধিকাংশের মাসিক কিস্তি বেড়ে যাবে এবং খেলাপির সংখ্যাও বেড়ে যেতে পারে বলে কানাডা মর্টগেজ এন্ড হাউজিং কর্পোরেশন সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

 

সরকারের এ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে, এ বছর প্রায় ১২ লাখ মর্টগেজ নবায়ন করতে হবে। এসব মর্টগেজের প্রায় ৮৫ শতাংশ বা ১০ লাখের বেশি অনুমোদন করা হয় যখন কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার এক শতাংশ বা তারও কম ছিল।

 

উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংক অফ কানাডা ২০২২ এবং ২০২৩ সালে দফায় দফায় সুদের হার বাড়িয়ে ৫ শতাংশ করে। তবে গত জুন থেকে সুদের হার কয়েক দফায় কমিয়ে ৩ দশমিক ২৫ শতাংশ করা হলেও এসব মর্টগেজের মাসিক কিস্তি বেড়ে যাবে।

 

আগামী বছর আরো প্রায় ১০ লাখ মর্টগেজ নবায়ন করতে হবে এবং এসবের একটা বড় অংশের মাসিক কিস্তি বেড়ে যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, মর্টগেজ খেলাপির সংখ্যা বেড়ে চলেছে। আগামী দু'বছরে এসব মর্টগেজের কিস্তি আরো বাড়লে খেলাপির সংখ্যাও বেড়ে যেতে পারে।

 

গাড়ির ক্ষেত্রে ঋণ খেলাপি গত বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বেড়ে গেছে। এছাড়া ক্রেডিট কার্ড ও লাইন অফ ক্রেডিটের খেলাপির সংখ্যাও গত বছরের প্রথম ছয় মাস বেড়েছে। সাধারণত গাড়ির ঋণ এবং ক্রেডিট কার্ডের গ্রাহকেরা খেলাপি হলে মর্টগেজ খেলাপির পরিমাণও বেড়ে যায়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দৈনন্দিন ব্যয় এবং বিভিন্ন ঋণ বাবদ খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চাপের মধ্যে আছে। এ অবস্থায় মর্টগেজের কিস্তি বেড়ে যাওয়া পরিস্থিতিকে আরো নাজুক করে তুলতে পারে।

 

ঋণের বিকল্প বাজার অর্থাৎ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ ঋণের ব্যবসায় নিয়োজিত ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও খেলাপি ঋণ বাড়ছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

 

কর্পোরেশনের উপ-প্রধান অর্থনীতিবিদ তানিয়া ব্যুরোসা ওচোয়া বলেন, গত কয়েক বছরে বাড়ির দাম বাড়ার কারণে মর্টগেজের পরিমাণও বেড়ে গেছে এবং এটা সামগ্রিকভাবে মানুষের অর্থনৈতিক দৈন্যতা আরো বাড়িয়ে তুলেছে।

 

তিনি বলেন, সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক দুর্দশার মধ্যে আছে। তাদের ঋণের পরিমান অনেক বেশি এবং এর সাথে বাড়ির ঋণের কিস্তি বেড়ে যাওয়া সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।

 

এদিকে, গত কয়েক মাসে সুদ উল্লেখযোগ্য হারে কমলেও বাড়ির মালিকেরা মর্টগেজ নবায়নের করতে গিয়ে তাদের মাসিক কিস্তির পরিমান দেখে হতভম্ভ হয়ে পড়তে পারেন বলে কানাডিয়ান মর্টগেজ ট্রেন্ড এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, সুদের হার তলানিতে থাকার সময় যারা মর্টগেজ নিয়েছেন এদের অনেকের কিস্তির পরিমান অনেক বেশি বেড়ে যাবে যার জন্য তারা প্রস্তুত ছিলেন না।

 

নিয়ম অনুযায়ী মাসিক কিস্তি প্রদানের দিন থেকে ৯০ দিনের বেশি পার হয়ে গেলে সেসব মর্টগেজকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।