যুক্তরাষ্ট্রে বিপুল অংকের জরিমানার মুখে টিডি ব্যাংক
ডেস্ক রিপোর্ট
মাদক ব্যবসায়ীদের অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে বিপুল অংকের জরিমানা দেয়াসহ মারাত্বক ব্যবসা সংকটে পড়তে পারে টিডি ব্যাংক।
চাইনিজ মাদক ব্যবসায়ীর ৬৫ লক্ষ ডলার কানাডার দ্বিতীয় বৃহত্তম টরেন্টো ডমিনিয়ন (টিডি) ব্যাংকের মাধ্যমে পাচার করার ঘটনা তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। অপরাধী চক্র ব্যাংকের নিউ ইয়র্ক এবং নিউ জার্সি শাখার মাধ্যমে বিপুল অংকের মাদক ব্যবসার অর্থ পাচার করেছে বলে অভিযোগ আনা হয়েছে।
ব্যাংকের কর্মচারীদেরকে ৫৭ হাজার ডলার ঘুষ দিয়ে এ অর্থ পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। টিডি ব্যাংক এ ঘটনার বিষয়ে সরাসরি কোন মন্তব্য না করলেও অর্থপাচার রোধে নেয়া ব্যবস্থায় ঘাটতি থাকার কথা স্বীকার করেছে।
নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি তদন্তে নিয়োজিত কর্মকর্তাদেরকে সহযোগিতা করা হচ্ছে জানিয়ে টিডি ব্যাংক কর্মকর্তা এলিজাবেথ গোল্ডেনস্টেইন বলেন, "বিষয়টি অগ্রহণযোগ্য এবং আমাদেরকে অবশ্যই আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।"
এটা ছাড়াও যুক্তরাষ্ট্রে টিডি ব্যাংকের বিরুদ্ধে আরো তিনটি অর্থ পাচারের ঘটনার তদন্ত চলছে। এর মধ্যে শুধুমাত্র একটি ঘটনা ফয়সালা করতেই ব্যাংকটিকে ৪৫০ মিলিয়ন ডলারের সংস্থান করতে হয়েছে। জরিমানা বাবদ এ অর্থ সংস্থান করার ঘোষণা দিয়ে ব্যাংক বলেছে, এ বাবদ অর্থের পরিমাণ আরো বাড়ানো হবে।
বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান জেফেরিসের বিশ্লেষক জন আকেনের মতে, এ ঘটনাগুলোতে সব মিলিয়ে কানাডার অন্যতম বৃহত্তম এই ব্যাংকটিকে দুই বিলিয়ন ডলার জরিমানা দেয়া লাগতে পারে। পাশাপাশি ব্যাংকটির ব্যবসাও আগামী বছরগুলোতে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে পারে।
প্রায় দুই দশক আগে ছোট একটি ব্যাংক অধিগ্রহনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করলেও অর্থপাচার রোধে টিডি ব্যাংকের ব্যর্থতার তালিকা খুব ছোট নয়। এজন্য ব্যবসা বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি ব্যাংকটিকে অতীতে অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এদিকে, অর্থপাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে কানাডার নিয়ন্ত্রক সংস্থা ফিনট্র্যাক টিডি ব্যাংককে নয় মিলিয়ন ডলার জরিমানা করেছে।