কানাডা পিডিআই কানাডার উদ্যোগে মে দিবস পালিত

পিডিআই কানাডার উদ্যোগে মে দিবস পালিত


স্টাফ রিপোর্ট


শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনে যুগে যুগে অসংখ্য মানুষ জীবন দিলেও পুঁজিবাদের স্বার্থ রক্ষা করতে আজও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।

 

মে দিবস উপলক্ষ্যে টরেন্টোতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা উল্লেখ করে বক্তারা বলেন, উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মানসহ বিভিন্ন দাবিতে অধিকাংশ দেশে শ্রমিক শ্রেণী এখনো লড়াই করে চলেছে।

 

প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা ৪ মে রোববার ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের অন্যতম সংগঠক মাহবুব আলম সমাজে সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার আহবান জানিয়ে বলেন, পিডিআই কানাডা গত ১৫ বছর ধরে এ লড়াই করে আসছে।

 

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরে আন্দোলনের স্মরণে শ্রমিকশ্রেণী এই দিনটিকে বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে আসছে। কিন্তু এই আন্দোলন আমেরিকাতে হলেও আমেরিকা বা কানাডা এই দিনটিকে স্বীকৃতি দেয় না।

 

অনুষ্ঠানে অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উপনেতা এবং প্রাদেশিক পার্লামেন্টের সদস্য ডলি বেগম, কমিউনিস্ট পার্টি কানাডার কমরেড ড্রিউ গারভি ছাড়াও কানাডায় অবস্থানরত আফগানিস্থান, ইরান, চিলি এবং সুদানের বামপন্থী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এমপিপি ডলি বেগম তাঁর বক্তব্যে বলেন, তাঁর দলের সাথে অনেক ক্ষেত্রেই পিডিআই কানাডার কাজের মিল রয়েছে। সংগঠনের কর্মকান্ডের প্রশংসা করে তিনি বলেন, তাঁর দলও সাধারণ মানুষের অধিকার আদায় করতে এবং সমাজে সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

 

সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্ত্বে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন। আলোচনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।