কানাডা সারাদেশে হামলা, ভাঙচুর: সরকারের নিষ্ক্রিয়তায় পিডিআই কানাডার ক্ষোভ

সারাদেশে হামলা, ভাঙচুর: সরকারের নিষ্ক্রিয়তায় পিডিআই কানাডার ক্ষোভ


ডেস্ক রিপোর্ট


ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, বই মেলায় হামলা, মব-ভায়োলেন্স এবং এসব ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ, কানাডা।

 

সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনির জামান রাজু এক বিবৃতিতে বলেন, পিডিআই কানাডা মনে করে দেশে একটি সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয় এবং এর দায় সরকারকেই নিতে হবে।

 

বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু কর্মী বিদেশে বসে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এ সুযোগে অতি উৎসাহী কিছু মানুষ এবং উগ্র মৌলবাদীরা ধানমন্ডি ৩২ নম্বরসহ নানা জায়গায় ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে।

 

একুশের বইমেলা, বগুড়ায় ছাত্র ইউনিয়নের অফিস এবং সাতক্ষীরার বই মেলায় উদীচীর স্টলে হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধিদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। তাঁরা বলেন, সরকার নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে, যা গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে।

 

গণতান্ত্রিক দল, শক্তি এবং দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ রাজনৈতিকভাবে সব ধরনের ফ্যাসিবাদ মোকাবিলা করার তাগিদ দেন।