বিদেশে পাচার করা অর্থ দ্রুত উদ্ধারের দাবি পিডিআই কানাডার
স্টাফ রিপোর্ট
দেশ থেকে পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকরা। এছাড়া দুর্নীতি রোধে সব পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা আয়োজিত 'ছাত্র-জনতার গণঅভ্যুত্থান : প্রবাসী জনতার প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়েছে। সভায় কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলদেশী শিক্ষার্থীরা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে আগামী দিনগুলোতে তাদের প্রত্যাশা তুলে ধরেন।
সভায় শিক্ষার্থীদের পক্ষে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসাইবা নাওয়ার, ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সৃজনী রহমান, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সুকন্যা চৌধুরী, ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের শাদমান হাবিব ও টরেন্টো বিশ্ববিদ্যালয়ের নেইথেন হাসান বক্তব্য রাখেন। এসব শিক্ষার্থী এবং কানাডায় বেড়ে ওঠা বাংলাদেশী তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ব্যক্ত করেন 'তারা কেমন বাংলাদেশ চান'।
নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ রঞ্জন দে, নাসির-উদ-দুজা, সৌমেন সাহা, সোলায়মান তালুত রবিন, ইমামুল হক, ভিক্টর গোমেজ, আরিফ মোরশেদ, মিনারা বেগম, কামরান করিম, আমিনুল ইসলাম, ড: জান্নাতুল ফেরদৌস, আহমদ হোসেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নুসাইবা নাওয়ার বলেন, “মাত্রই কয়েক মাস আগে ন্যায্য অধিকারের দাবিতে আমরা রাজপথে লড়াই করেছি। এটা ঠিক যে আমরা লড়াইয়ে জিতেছি -- লড়াইয়ে বাংলাদেশিরা জিতেছে। কিন্তু লড়াই শেষ হয়ে যায়নি… শুরু হয়েছে মাত্র।”
নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে নুসাইবা বলেন, “তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কাজ, তোমাদের ভোট নতুন বাংলাদেশ গড়তে, বাংলাদেশে পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শাদমান হাবিব বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, এসব হত্যার বিচার যেন ঠিকমতো হয়। এসব হত্যাকাণ্ডে জড়িতরা যেন কোনভাবেই পালাতে না পারে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেটাও নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, "গণতান্ত্রিক ধারায় ফেরা জরুরি। তবে গণতন্ত্রের নামে ক্ষমতায় গিয়ে যেন আবারো স্বৈরাচার তৈরী না হয়, সেজন্য রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রেই সংস্কার দরকার। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ঠিক পথেই এগোবে।"
মনির জামান রাজু বলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে হবে। বিদেশে কূটনৈতিক মিশনগুলোতে পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, কূটনৈতিক মিশনের সদস্যরা রাজনৈতিক দলের কর্মকান্ডে অংশ নিয়ে থাকে। এ অবস্থার পরিবর্তন দরকার। প্রবাসে বসবাসকারী বাংলাদেশী নাগরিকেরা যেন প্রয়োজনীয় সেবাগুলো কোনো ধরণের হয়রানি ছাড়াই পেতে পারে সেটা নিশ্চিত করতে হবে।
পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে টরেন্টোর ডেনফোর্থে হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে আয়োজিত এ সভার শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন এবং গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মনির জামান রাজু এ আলোচনা সভা পরিচালনা করেন।