শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়লো অন্টারিওতে
অন্টারিও প্রদেশের ন্যূনতম মজুরি অক্টোবর থেকে প্রায় ৪ শতাংশ বাড়ানো হয়েছে। রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ১ অক্টোবর থেকে ঘন্টা প্রতি ১৬ দশমিক ৫৫ ডলার থেকে বাড়িয়ে ১৭ দশমিক ২০ ডলার নির্ধারণ করেছে সরকার।
সরকারি হিসাবে, ন্যূনতম মজুরি বাড়ানোর ফলে একজন শ্রমিক বা কর্মচারী সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করলে বছরে আয় বাড়বে ১৩৫৫ ডলার। এর ফলে প্রদেশের প্রায় ১০ লাখ শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের আয় বাড়বে।
সর্বশেষ গত বছর ১ অক্টোবর প্রাদেশিক সরকার ন্যূনতম মজুরি ১৫ দশমিক ৫০ ডলার থেকে বাড়িয়ে ১৬ দশমিক ৫৫ ডলার নির্ধারণ করে। অন্টারিও প্রদেশের নতুন এ ন্যূনতম মজুরি এখন কানাডার দ্বিতীয় সর্বোচ্চ। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বর্তমানে ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি ১৭ দশমিক ৪০ ডলার।
শ্রম, অভিবাসন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ডেভিড পিসিনী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি খরচের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় দেয়ার জন্য গত মার্চ মাসে ন্যূনতম মজুরি বাড়ার এ ঘোষণা দিয়ে বলেন, প্রায় ১০ লাখ শ্রমিক এবং তাদের পরিবারের আয় আরো বাড়াতে প্রিমিয়ার ফোর্ডের নেতৃত্বে বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, “বাস করার জন্য, পরিবার গড়ে তোলার জন্য অন্টারিও অন্যতম সেরা স্থান। বর্তমানে দ্রব্যমূল্যের বাড়তি খরচ পুষিয়ে নিতে এ প্রদেশের শ্রমজীবী মানুষের জীবন মান বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
বর্তমানে ৩৫ শতাংশ শ্রমজীবী মানুষ বিভিন্ন ধরণের খুচরা ব্যবসা এবং ২৪ শতাংশ খাদ্যদ্রব্য ও আবাসন খাতের ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ দশমিক ২০ ডলার বা এর কম রোজগার করে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে অন্টারিও প্রদেশে ৯৩৫,৬০০ শ্রমিকের ঘন্টায় ন্যূনতম আয় ছিল ১৭ দশমিক ২০ ডলার বা এর কম।
কর্মসংস্থান মান আইনের আওতায়, অন্টারিও প্রদেশের ভোক্তা মূল্য সূচক অনুযায়ী প্রতি বছর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। অর্থাৎ মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বাড়ার সাথে সামঞ্জস্য রেখে এটা নির্ধারণ করা হয়।