অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বাড়লো
স্টাফ রিপোর্ট
অন্টারিও প্রদেশের ন্যূনতম মজুরি অক্টোবর থেকে ২ দশমিক ৪ শতাংশ বাড়ানো হয়েছে। রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ১ অক্টোবর থেকে ঘন্টা প্রতি ১৭ দশমিক ২০ ডলার থেকে বাড়িয়ে ১৭ দশমিক ৬০ ডলার নির্ধারণ করেছে সরকার।
সরকারি হিসাবে, ন্যূনতম মজুরি বাড়ানোর ফলে একজন শ্রমিক বা কর্মচারী সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করলে বছরে আয় বাড়বে ৮৩৫ ডলার। এর ফলে প্রদেশের প্রায় ১০ লাখ শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের আয় বাড়বে।
সর্বশেষ গত বছর ১ অক্টোবর প্রাদেশিক সরকার ন্যূনতম মজুরি ১৬ দশমিক ৫৫ ডলার থেকে বাড়িয়ে ১৭ দশমিক ২০ ডলার নির্ধারণ করে। অন্টারিও প্রদেশের নতুন ন্যূনতম এ মজুরি এখন কানাডার দ্বিতীয় সর্বোচ্চ। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বর্তমানে ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি ১৭ দশমিক ৮৫ ডলার।
এ নিয়ে গত ৭ বছরে অন্টারিও প্রদেশের ন্যূনতম মজুরি ২০১৮ সালের ১৪ ডলার থেকে বেড়ে চলতি বছরে ১৭.৬০ ডলারে দাঁড়ালো।
কর্মসংস্থান মান আইনের আওতায়, অন্টারিও প্রদেশের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী প্রতি বছর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। অর্থাৎ মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বাড়ার সাথে সামঞ্জস্য রেখে এটা নির্ধারণ করা হয়।
তবে বেসরকারি সংস্থা অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্কের হিসাবে, নির্ধারিত ন্যূনতম এ মজুরি এখানে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। নেটওয়ার্কের যোগাযোগ বিষয়ক পরিচালক ক্রেইগ পিকথর্ন বলেন, সরকার পরিসংখ্যানের একটা বিষয় ব্যবহার করে ন্যূনতম মজুরি নির্ধারণ করে। সেক্ষেত্রে আবাসনসহ মানুষের প্রকৃত খরচ বিবেচনা করা হয় না।
নেটওয়ার্কের হিসাবে, একজন মানুষকে বৃহত্তর টরেন্টো অঞ্চলে (জিটিএ) কোনোরকমে টিকে থাকতে হলেও ঘন্টায় ন্যূনতম ২৬ ডলার আয় করতে হবে।