কানাডা বিনিয়োগ চুক্তি হলে ব্যবসায়ীদের আস্থা বাড়বে: মন্ত্রী হুসেন

বিনিয়োগ চুক্তি হলে ব্যবসায়ীদের আস্থা বাড়বে: মন্ত্রী হুসেন


ডেস্ক রিপোর্ট


কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেছেন, বাংলাদেশের সাথে তাঁর সরকারের বিনিয়োগ সংক্রান্ত চুক্তি হলে কানাডার ব্যবসায়ীরা উৎসাহিত হবেন।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে ১০ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী হুসেন বলেন, ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশন এগ্রিমেন্ট (ফিপা) সই করা হলে কানাডার ব্যবসায়ীরা এটাকে ইতিবাচক হিসেবে দেখবে।’

 

তিনি বলেন, দু'দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে ফিপা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে বাংলাদেশের সাথে তাদের সম্পৃক্ততাকে স্বাগত জানায় কানাডা।

 

এসময় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং সিনিয়র সচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 

প্রধান উপদেষ্টা বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগাতে কানাডার বিভিন্ন উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তর এবং দেশটিকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

সাক্ষাৎকালে মন্ত্রী হুসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, আসন্ন সাধারণ নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও আলোচনা করেন।

 

মন্ত্রী হুসেন পরে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।