ডলি বেগম তৃতীয়বারের মত নির্বাচিত
স্টাফ রিপোর্ট
বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম বিপুল ভোটের ব্যবধানে আবারো অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্য (এমপিপি) নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে কুইন্সপার্কে তিনি তৃতীয়বারের মতো বাঙালি অধ্যুষিত স্কারবোরো-সাউথওয়েস্টের প্রতিনিধিত্ব করছেন। এর আগে তিনি ২০১৮ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বারের মতো এমপিপি নির্বাচিত হন।
নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ডলি বেগম প্রায় ৪৩ শতাংশ (১৪,৫৫৭) ভোট পেয়ে জয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রোগ্রেসিভ কর্জাভেটিভ দলের প্রার্থী আডি ডারামলা পেয়েছেন প্রায় ৩১ শতাংশ (১০,৪০০) ভোট। আর লিবারেল দলের কাদিরা জ্যাকসন পেয়েছেন প্রায় ২৩ শতাংশ (৭৭৮৬) ভোট।
জয়লাভের পর সমর্থকদের উদ্দেশ্যে ডলি বেগম এক আবেগঘন বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, খুব কম সময়ের মধ্যে এবারের এই নির্বাচন আয়োজন করা হয়েছে। তারপরও অত্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষ ভোট দিতে উপস্থিত হয়েছে।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্কারবোরো-সাউথওয়েস্টের উন্নয়নের জন্য এবং এ এলাকার মানুষকে স্বস্তি দিতে বিগত বছরগুলোর মতো তিনি কঠোর পরিশ্রম অব্যাহত রাখবেন।
ডলি বেগম এখন পর্যন্ত প্রথম এবং একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত যিনি কানাডার কোন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।