কানাডা ভবিষ্যৎ নিয়ে কানাডার অধিকাংশ মানুষ উদ্বিগ্ন

ভবিষ্যৎ নিয়ে কানাডার অধিকাংশ মানুষ উদ্বিগ্ন


স্টাফ রিপোর্ট


মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কানাডার ৮৬ শতাংশ মানুষ অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলে সম্প্রতি এক জরিপে উঠে এসেছে।

 

অর্থনৈতিক চাপের কারণে অধিকাংশ মানুষ দেনা পরিশোধ, ভবিষ্যতের জন্য সঞ্চয়, ছুটি কাটানো, গাড়ি কেনা বা বাড়ি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থগিত রাখতে বাধ্য হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

 

কানাডীয় প্রতিষ্ঠান উইলফুল-এর পৃষ্ঠপোষকতায় আঙ্গুস রীড ফোরাম গত সেপ্টেম্বর এবং অক্টবর মাসে ১৮ বছরের বেশি বয়সের এক হাজার নাগরিকের ওপর এ জরিপ পরিচালনা করে।

 

জরিপ বলছে, মূল্যস্ফীতির কারণে আর্থিক পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়ায় ৮৬ শতাংশ মানুষ তাদের উদ্বেগের কথা জানিয়েছে। প্রায় ৪২ শতাংশ মানুষ এক বছর আগের তুলনায় তাদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে বলে মনে করে।

 

জরিপ অনুযায়ী, সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন খরচ গত ১২ মাসে প্রায় ২৬ শতাংশ বেড়ে গেছে। প্রায় ৫০ শতাংশ মানুষ বলছে তারা এখন সঞ্চয় ভেঙে দৈনন্দিন খরচ মেটাতে বাধ্য হচ্ছে।

 

এছাড়া প্রতি ১০ অভিভাবকের মধ্যে ৮ জনের পরিবার দেনা পরিশোধ, ভবিষ্যতের জন্য সঞ্চয় না করা বা অন্যান্য জরুরি খরচগুলো আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

 

উইলফুল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যতম প্রতিষ্ঠাতা এরিন বারী বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চলমান অর্থনৈতিক দুর্বলতা জরিপে উঠে এসেছে।

 

তিনি বলেন, "লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, কয়েক মাস আগেও বিভিন্ন সূচকে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ এখনো অত্যন্ত চাপে আছে এবং পরিস্থিতি উন্নতির তেমন কোন লক্ষণ নেই।"