জি-৭ দেশগুলোর মধ্যে প্রথম সুদের হার কমালো কানাডা
স্টাফ রিপোর্ট
জি-৭ দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসাবে সুদের হার কমানোর ঘোষণা দিল কানাডা। ব্যাংক অফ কানাডা ৫ জুন নীতি নির্ধারণী সুদের হার দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
দীর্ঘ চার বছরের বেশি সময় পর এটাই ব্যাংক অফ কানাডার প্রথম সুদ কমানোর সিদ্ধান্ত। এর আগে ২০২০ সালের মার্চ মাসে সর্বশেষ সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
“কিছুটা হলেও আসুন এটা আমরা উপভোগ করি,” গভর্নর টিফ ম্যাককালাম সিদ্ধান্ত ঘোষণার পর সংবাদ সম্মেলনে এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। "মূল্যস্ফীতি কমাতে আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি আমাদের ২ শতাংশ লক্ষ্যের কাছাকাছি আসবে বলে আশা করছি।"
এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল দুই দশমিক সাত শতাংশ যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমার ধারা অব্যাহত এবং এটা লক্ষ্যের কাছাকাছি আসতে থাকলে সুদের হার আরো কমবে বলে আশা করা যায়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রয়োজনের অতিরিক্ত কঠোর করার পক্ষে নয়। কিন্তু সুদের হার দ্রুত কমালে অর্জিত অগ্রগতি ব্যাহত হতে পারে বলে উল্লেখ করেন ম্যাককালাম।
দ্রব্যমূল্য পরিস্থিতি সাধারণ মানুষের নাগালে রাখতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার মাত্র ১৬ মাসের ব্যবধানে কয়েক ধাপে ৪ দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সর্বশেষ ২০২৩ সালের জুলাই মাসে সুদের হার বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ এই হার প্রায় এক বছর নির্ধারিত ছিল।
গভর্নর বলেন, সুদের হার দ্রুতগতিতে বাড়ানো হলেও কমানো হবে বেশ ধীর গতিতে এবং কোভিডের আগে যেখানে ছিল তার থেকে বেশি হারে স্থিতিশীল হবে বলে ধারণা করা যায়।
অর্থমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড সুদ কমানোর সিদ্ধান্ত কানাডিয়ানদের জন্য প্রকৃতপক্ষেই একটা সুখবর উল্লেখ করে বলেন, জি-৭ দেশগুলোর মধ্যে কানাডা হচ্ছে প্রথম যেখানে সুদের হার কমানো হলো।
"অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে আনতে আমরা কঠোর পরিশ্রম করছি যেন ব্যাংক অফ কানাডার পক্ষে সুদ কমানো সম্ভব হয় এবং এ সিদ্ধান্ত সে কঠোর পরিশ্রমেরই ফল,” একথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের সুস্পষ্ট অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনা ঠিকভাবেই কাজ করছে।
কেন্দ্রীয় ব্যাংক আগামী ২৪ জুলাই সুদের হারের পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা এবং সর্বশেষ প্রান্তিকের অর্থনৈতিক পরিস্থিতির পূর্বাভাস প্রকাশ করবে।