কানাডা কানাডা পার্লামেন্টের প্রধান প্রশাসনিক পদে শায়লা আনোয়ার

কানাডা পার্লামেন্টের প্রধান প্রশাসনিক পদে বাংলাদেশী শায়লা আনোয়ার


স্টাফ রিপোর্ট


কানাডা পার্লামেন্টের প্রশাসনিক প্রধান হিসেবে বাংলাদেশী বংশোদ্ভূত শায়লা আনোয়ার কাজ শুরু করেছেন। হাউস অব কমন্স এবং সিনেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ৬ মে তাঁর নিয়োগ কার্যকর হয়। তিনি ২০০৭ সাল থেকে হাউস অব কমন্স এবং সিনেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

প্রশাসনিক প্রধান হিসেবে শায়লা পার্লামেন্টের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালনের পাশাপাশি স্পিকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন, সিনেটরদের শপথ গ্রহণ দেখাশোনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করবেন। তিনি সংসদীয় কার্যক্রম ও চর্চার ওপর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রেখেছেন।

 

মন্ত্রিসভার অনুমোদন এবং পরামর্শের পর পাবলিক সার্ভিস এমপ্লয়মেন্ট আইনের আওতায় কাউন্সিলের গভর্নর এ নিয়োগ দিয়ে থাকেন।

 

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শায়লা আনোয়ারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "সিনেট এবং পার্লামেন্ট পরিচালনার কাজে তিনি অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা। আমি মনে করি, তাঁর নেতৃত্বে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানগুলোতে আরো ভালোভাবে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে।

 

শায়লা আনোয়ার ঢাকায় জন্মগ্রহণ করেন এবং কানাডার রাজধানী অটোয়ায় বেড়ে ওঠেন। তিনি কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য এবং রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ফিরোজ এবং মাসুদ আনোয়ারের মেয়ে এবং কবি জসীমউদ্দীনের নাতনি।