কানাডা কানাডায় মন্দা চলছে: সাবেক গভর্নর

কানাডায় মন্দা চলছে: সাবেক গভর্নর


স্টাফ রিপোর্ট


কানাডাতে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে। কিন্তু জনসংখ্যা দ্রুত বাড়ার কারণে অর্থনীতির এই দুর্বলতা সেভাবে বোঝা যাচ্ছে না।

 

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর স্টিফেন পলোজের মতে, "আমরা একটা অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে যাচ্ছি। এই মন্দা অবস্থাকে আমি কোনভাবেই হালকা করে দেখছি না।"

 

সাধারণত পর পর দুই প্রান্তিকে ঋণাত্মক প্রবৃদ্ধি হলে সেটাকে অর্থনৈতিক মন্দা হিসেবে বিবেচনা করা হয়, এ কথা উল্লেখ করে তিনি বলেন, “এটা ঠিক আমাদের এখানে সেটা হয়নি। এর প্রধানতম কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে অনেক বেশি অভিবাসী এসেছে এবং মৌলিক চাহিদা মেটাতে তাদেরকে ব্যয় করতে হচ্ছে। এর ফলে এখানে পণ্যের যথেষ্ট চাহিদা তৈরী হয়েছে।”

 

বর্তমানে অসলার, হসকিন এবং হারকোর্ট এলএলপি'র বিশেষ উপদেষ্টা হিসেবে কর্মরত সাবেক এই গভর্নর ৩ ডিসেম্বর ওয়েবভিত্তিক এক সেমিনারে অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

 

পরিসংখ্যান কানাডার হিসেবে, মাথাপিছু জিডিপি পর পর ছয় প্রান্তিকে কমেছে এবং তৃতীয় প্রান্তিকে তা দশমিক চার শতাংশ কমে গেছে। গত নয়টি প্রান্তিকের মধ্যে আট প্রান্তিকেই এটা নেতিবাচক ছিল। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল দুই দশমিক এক শতাংশ যা পূর্বাভাসের চেয়ে বেশি। আবার তৃতীয় প্রান্তিকে এটা এক শতাংশে নেমে এসেছে।

 

পলোজ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এক প্রান্তিকে কিছুটা উপরের দিকে ছিল। এটা বড় কিছু নয়। একমাত্র ভালো খবর হচ্ছে সরকারি খাতের খরচ বাড়ানো। তবে শুধুমাত্র সরকারের খরচ বাড়িয়ে অর্থনীতিতে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা যায় না।

 

সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন যাপন ব্যয় ৩০ শতাংশ বেড়ে যায়। তিনি বলেন, এর ফলে মানুষের খরচ করার সামর্থ্য কমেছে। আবার মূল্যস্ফীতি ধারণার চেয়েও দ্রুত কমেছে যা কিনা শুধুমাত্র অর্থনৈতিক মন্দা হলেই ঘটতে পারে।

 

ফেডারেল সরকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর দুই মাসের জন্য ‘পণ্য ও সেবা কর’ মওকুফের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পলোজ বলেন, এ ধরণের পদক্ষেপে হয়তো সাময়িক উপকার হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে খুব বেশি কাজে আসে না।

 

“এটা অনেকটা মাছ ধরার সরঞ্জাম দেয়ার পরিবর্তে কাউকে একটা মাছ দেয়ার মতো। অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া যায় যা কিনা দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনতে পারে।”

 

স্টিফেন পলোজ ২০১৩ সালের জুন থেকে ২০২০-এর জুন পর্যন্ত কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।