কানাডা কানাডায় দেউলিয়াত্ব ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ

কানাডায় দেউলিয়াত্ব ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ


স্টাফ রিপোর্ট


কানাডায় ব্যক্তিগত এবং ব্যবসা প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটাতে অর্থনৈতিক অবস্থার এ চিত্র ২০০৯ সালের মন্দার পর আর দেখা যায়নি।

 

কানাডার দেউলিয়াত্ব এবং পুনর্গঠন পেশাজীবী সমিতির সভাপতি আন্দ্রে বলডাক জানান, "২০২৪ সালে ব্যক্তিগত দেউলিয়াত্ব আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। আর ব্যবসা প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব বেড়েছে প্রায় ২৯ শতাংশ।"

 

তিনি বলেন, বর্তমানে কানাডার প্রায় ৫০ শতাংশ পরিবারের বেতনের অর্থ দিয়ে বিভিন্ন খরচ মেটানোর পর হাতে কোন অর্থ অবশিষ্ট থাকে না। এসব পরিবারের কোন সঞ্চয়ও নেই।

 

“এ রকম অবস্থায় কারো জীবনে অনাকাংখিত কিছু ঘটলে অর্থাৎ চাকুরী হারানো বা পরিবর্তন করতে বাধ্য হওয়া অথবা বিচ্ছেদ, এ ধরণের পরিস্থিতি কাটিয়ে ওঠার কোন উপায় থাকে না।”

 

দেউলিয়াত্ব সুপারেন্টেন্ডেন্ট কার্যালয়ের হিসাবে, ২০২৪ সালে ব্যক্তিগত দেউলিয়াত্ব বেড়েছে। গত বছর দেউলিয়ার জন্য ১,৩৭,২৯৫টি আবেদন করা হয় যা ২০২৩ সালের চেয়ে ১৪ হাজার বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৭৫টি আবেদন করা হয়।

 

দেউলিয়া বিষয়ক প্রতিষ্ঠান ডোয়েল সেলস্কির সিনিয়র সহ-সভাপতি মার্ক রুল্য বলেন, দেউলিয়াত্বের জন্য আবেদন করা আর দেউলিয়াত্ব ঘোষণা দুটো ভিন্ন বিষয়।

 

“বিভিন্ন কারণে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। সন্দেহ নেই এগুলোর মধ্যে মূল্যস্ফীতি অন্যতম প্রধান কারণ। খাদ্যমূল্য, বাড়িভাড়াসহ বিভিন্ন খরচ এখন অনেক বেশি এবং মানুষ এখন অনবরত চাকুরী পরিবর্তন করছে।”

 

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসবাব, ভাড়া, কর্মচারীদের বেতন সব কিছুই বেড়ে চলেছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন এসব বাড়তি খরচ মেটানোর মতো যথেষ্ট আয় করতে পারে না তখন খরচ কমাতে বিভিন্ন উপায় বেছে নিতে হয়।

 

তবে বর্তমান অবস্থা বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির দেউলিয়াত্ব ঘোষণার ঘটনা কারো কারো কাছে অপ্রত্যাশিত মনে হয়নি। রিতা আবু আরাগে তাদের একজন। "আমরা দেখছি টিকে থাকতে প্রতিটি মানুষ কি কষ্টই না করছে!"

 

দেউলিয়াত্ব এবং পুনর্গঠন পেশাজীবী সমিতি জানায়, একজন অনুমোদিত দেউলিয়াত্ব ট্রাস্টির সাথে প্রাথমিক আলোচনা করতে আবেদনকারীর কোন খরচ হয় না। প্রাথমিক এ আলোচনায় আবেদনকারীকে দেনামুক্ত হওয়ার সম্ভাব্য বিকল্প সম্পর্কে মূল্যবান পরামর্শ দেয়া হয়।