কানাডার ১০ বছরের মাল্টিপল ভিসা দেয়ার নিয়ম বাতিল
স্টাফ রিপোর্ট
ভ্রমণকারীদের ভিসা প্রদানের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপ করে কানাডা নির্বিশেষে সবাইকে ১০ বছরের মাল্টিপল ভিসা দেয়ার নিয়ম বাতিল করেছে।
কানাডা সরকারের অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, এখন থেকে আবেদনকারীদেরকে 'মাল্টিপল' ভিসা প্রদান আর স্বাভাবিক নিয়ম হিসেবে বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, কানাডা ভ্রমণের জন্য এ যাবৎ সফল আবেদনকারীদের সবাইকে ১০ বছর বা পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ পর্যন্ত ভিসা প্রদান করা হতো। এ ভিসার আওতায় একজন ভ্রমণকারীর ১০ বছরের মধ্যে অসংখ্যবার কানাডায় আসা-যাওয়া করার সুযোগ ছিল।
কিন্তু আইআরসিসি জানিয়েছে, নতুন নিয়মের আওতায় ভিসা দেয়ার স্বয়ংক্রিয় এ পদ্ধতি আর কার্যকর থাকছে না। ভিসা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তারা এখন থেকে ভ্রমণকারীদের আবেদন বিবেচনায় নিয়ে একবার নাকি একাধিকবার কানাডায় প্রবেশের জন্য ভিসা প্রদান করা হবে সে সিদ্ধান্ত নিতে পারবেন।
একাধিকবার কানাডায় প্রবেশের আবেদনকারীদের ক্ষেত্রে 'মাল্টিপল এন্ট্রি' ভিসা কত বছরের জন্য প্রদান করা হবে, কর্মকর্তারা আবেদন বিবেচনা করে সে মেয়াদ নির্ধারণ করতে পারবেন।
সংস্থাটি জানিয়েছে, আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য, অর্থনৈতিক সামর্থ্য, শারীরিক সক্ষমতা ও নিজ দেশের সাথে সম্পর্কের গভীরতা বিবেচনায় নিয়ে কর্মকর্তারা ভিসা প্রদান করবেন। এছাড়া, আবেদনকারীর দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল কিনা সেটা ছাড়াও অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।
কানাডার অভিবাসন কার্যালয়ের হিসাব অনুযায়ী, নতুন ভিসা দেয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়া হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় ২০২২ এবং ২০২৩ সালে অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যক ভিসা দেয়া হলেও বর্তমানে সেটা অনেক কম। অভিবাসন নীতি পরিবর্তনের কারণে বর্তমানে ভ্রমণ বা অস্থায়ী বাসিন্দাদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে সীমান্ত থেকে অসংখ্য মানুষকে ফেরত পাঠানো হচ্ছে।
আগামী বছরের অক্টোবরের মধ্যে কানাডায় ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে অভিবাসী ইস্যু এদেশের রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। এ কারণে ক্ষমতাসীন লিবারেল সরকার নির্বাচনকে সামনে রেখে স্থায়ী ও অস্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে।