বাণিজ্য টরেন্টো রুটে ফ্লাইট বাড়ছে বিমানের

টরেন্টো রুটে ফ্লাইট বাড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের


স্টাফ রিপোর্ট

 

যাত্রীদের চাহিদা বাড়ার কারণে টরেন্টো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অক্টোবর থেকে আরো একটি ফ্লাইট বাড়াতে যাচ্ছে। বর্তমানে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট নিয়মিত চলাচল করলেও ৩১ অক্টোবর থেকে তিনটি ফ্লাইট যাতায়াত করবে।

 

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বর্তমানে প্রতি মঙ্গল ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে। এ মাসের শেষ সপ্তাহ (শীতকালীন সূচি) থেকে ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে মঙ্গল ও শনিবার ছাড়াও প্রতি বৃহস্পতিবার নতুন এ ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

 

নতুন এ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে এ ফ্লাইটের টিকেট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কিনতে পারবেন বলে সংস্থার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরেন্টো রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে।

 

টরেন্টো রুটে প্রথমবারের মতো ২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে সেটি টরেন্টো পিয়ারসনে পৌঁছে। ফিরতি পথে ‘প্রুভেন ফ্লাইট’নাম দিয়ে সেটি ১৬ ঘণ্টা উড়ে ৩০ মার্চ দুপুরে ঢাকায় নামে। পরে একই বছরের ২৭ জুলাই এ রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু হয়।