বাংলাদেশ বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতা করবে কানাডা

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতা করবে কানাডা


ডেস্ক রিপোর্ট

 

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে কানাডা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সংক্ষিপ্ত এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ আশ্বাস দেন।

 

বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার করা, প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

 

বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার হিসেবে কানাডার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ড. ইউনূস।

 

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করায় ট্রুডো অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে তাঁর সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ায় প্রধান উপদেষ্টা কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এদিকে, দু'দেশের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন ও কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলেনি জোলি বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চলমান সংস্কারে কানাডার সহযোগিতার বিষয়েও তাঁরা আলোচনা করেন।

 

ক্রান্তিকালে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জোলি মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে সহযোগিতা বাড়াতে তাঁর সরকারের আগ্রহের কথা জানান।