বাংলাদেশ বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি


স্টাফ রিপোর্ট


বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে সেদেশের সরকার। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ কর্মকান্ড এবং সন্ত্রাসবাদের ঝুঁকির বিষয়গুলো উল্লেখ করে বাংলাদেশ ভ্রমণে 'উচ্চ মাত্রার সতর্কতা' অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

কানাডা সরকারের ১৯ সেপ্টেম্বর হালনাগাদ করা ওয়েবসাইটে এসব সতর্কতা জারি এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়ে বলা হয়েছে, "বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাস থেকে সহিংস ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছে। পরিস্থিতি এখন তুলনামূলক শান্ত হলেও হঠাৎ সহিংসতা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।"

 

একইসাথে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় রাজনৈতিক সহিংসতা, বিক্ষিপ্ত জাতিগত সংঘাত এবং অপহরণের মতো ঘটনা এড়াতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউ সেখানে যেতে চাইলে স্থানীয় প্রশাসনকে কমপক্ষে ১০ দিন আগে অবহিত করতে বলা হয়েছে।

 

সতর্কবার্তায় ঢাকার বিভিন্ন স্থান যেমন জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এবং কারওয়ান বাজার এলাকায় ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

 

নারীদের একা ভ্রমণ এবং রাতে গণ-পরিবহন ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

 

কানাডা সরকার বলছে, সারাদেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিশেষত ধর্মীয় উৎসব বা জনসমাগমকে কেন্দ্র করে পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। একইসাথে সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।