প্রবাসীদের ডাকযোগে ভোট দেয়ার নিয়ম প্রকাশ
স্টাফ রিপোর্ট
প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করা এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার নিয়ম প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনে অনুমোদনের পর ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ নিয়ম প্রকাশ করা হয়। কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করা হবে।
ভোটের জন্য নিবন্ধন করতে ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল প্লে স্টোর’ থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড ও চালু করতে হবে।
ভোটাধিকার নিশ্চিত করতে এ অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। অ্যাপ ডাউনলোড থেকে ব্যালট পাওয়া পর্যন্ত ১১টি ধাপে নিবন্ধন প্রক্রিয়া কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধন করার পর পোস্টাল ব্যালট ডাকযোগে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশন থেকে খাম পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী কয়েকটি ধাপে ভোট দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রবাসীদের নিবন্ধন শুরু এবং রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর সময় নির্বাচন কমিশন জানিয়ে দেবে। প্রবাসীরা ব্যালট সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন তৈরি হওয়া, পাঠানো, হাতে পাওয়া, ফেরত পাঠানো, বাংলাদেশে পৌঁছানো এবং রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর বিভিন্ন ধাপ ট্র্যাক করতে পারবেন।
প্রবাসীদের কাছে নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে। কমিশন জানিয়েছে, ব্যালট পেপারে কোন প্রার্থীর নাম থাকবে না; শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেয়া যাবে।
ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে কমিশন। প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো ও ফেরত আনাসহ বিভিন্ন খরচ মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মত তথ্যপ্রযুক্তি নির্ভর পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা হচ্ছে। এ অ্যাপের মাধ্যমে প্রবাসী ছাড়াও নির্বাচনী এলাকার বাইরে থাকা ভোটাররাও নিবন্ধন করে ভোট দিতে পারবেন।