বাংলাদেশ প্রধান উপদেষ্টা বরাবর পিডিআই কানাডার স্মারকলিপি

প্রধান উপদেষ্টা বরাবর পিডিআই কানাডার স্মারকলিপি


স্টাফ রিপোর্ট

 

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানোর জন্য বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানের কাছে হস্তান্তর করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের নেতৃবৃন্দ।

 

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে ১৫ অক্টোবর নাহিদা সোবহানের সাথে এক বৈঠকে পিডিআই কানাডার নেতৃবৃন্দ দ্রুত আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, শ্রমিজীবি মানুষের জীবনের নিরাপত্তা, দ্রব্যমূল্যের উর্ধগতি, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড, সাম্প্রদায়িক দাঙ্গা, সীমান্ত হত্যা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অবস্থান নেয়ার দাবি জানান।

 

নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু তার গড়ে তোলা কাঠামো এখনো বহাল এবং সক্রিয় আছে। প্রধান উপদেষ্টা যে উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক দেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার প্রতি সমর্থন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার মানুষের রক্তদান, পঙ্গুত্ববরণ ও জীবনদানের বিনিময়ে ক্ষমতায় আসা সরকার প্রতিশ্রুতি পালনে সক্ষম হবে।

 

সমর্থনের পাশাপাশি পিডিআই (প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক ইনিশিয়েটিভ) কানাডা গঠনমূলক সমালোচনার মাধ্যমে বর্তমান সরকারের কর্মকান্ড মূল্যায়ন অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

 

সংগঠনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আজফর সৈয়দ ফেরদৌস, মনির জামান রাজু, নাসির উদ দুজা, মাহবুব আলম, মোহাম্মদ মাশুক মিয়া, রওশন জাহান উর্মি ও কাজী জুলিয়া নাসরিন।

 

স্মারকলিপিতে প্রবাসীদের অধিকার বিষয়ে ৬ দফাসহ মোট ১২ দফা দাবি উল্লেখ রয়েছে।

 

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন, ঢালাওভাবে মামলা না করা, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বৈষম্যহীন নীতি প্রণয়ন, দেশপ্রেম ও আত্মমর্যাদা সমুন্নত রেখে বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্রনীতি ঢেলে সাজানো ও বিদেশে পাচার করা অর্থ দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

 

এছাড়া প্রবাসীদের ভোট দেয়া, হাইকমিশন থেকে জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। হাইকমিশনার সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিতে দাবিসমূহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন।