বাংলাদেশ কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান


স্টাফ রিপোর্ট


কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ২৯ মে বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এবারই প্রথম কানাডায় কোনো নারী হাইকমিশনার পাঠানো হচ্ছে। নাহিদা সোবহান ১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন। জর্ডানের পাশাপাশি তিনি সিরিয়া ও ফিলিস্তিনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন।

 

মধ্যপ্রাচ্যেও তিনিই বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত। জর্ডানে কর্মরত বাংলাদেশের নারী কর্মীদের জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। করোনা মহামারির সময় জর্ডানের ফ্যাক্টরি এবং আবাসিক স্থানগুলোতে এসব নারীকর্মীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।

 

কূটনৈতিক হিসেবে নাহিদা সোবহান জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অণু বিভাগের মহাপরিচালক পদে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের মা।। তার স্বামী নজরুল ইসলামও পেশাদার কূটনীতিক। তিনি বর্তমানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতারের আমীরের সাম্প্রতিক ঢাকা সফর এবং এর আগে সেদেশে প্রধানমন্ত্রীর একাধিক সফর বাস্তবায়নে তাঁর ভূমিকা রয়েছে।