প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন
স্টাফ রিপোর্ট
আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ১০ জুলাই কমিশনের এক সভা শেষে এ বিষয়ে সংবাদকর্মীদেরকে জানান, "প্রবাসী বাংলাদেশিরা আগামী নির্বাচনে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট।"
তিনি বলেন, পোস্টাল ব্যালটের যে সীমাবদ্ধতার কথা আগে বলা হয়েছিল সেটা দূর করতে আগামী নির্বাচনে 'আইটি সাপোর্টেড' পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। অর্থাৎ আগে একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে একটা পোস্টাল ব্যালটের জন্য 'ফিজিক্যালি' আবেদন করার কথা বলা হয়েছিল।
কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এ আবেদন তাঁরা নিজ নিজ অবস্থান থেকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করতে পারবেন।
এছাড়া আগের প্রস্তাব অনুযায়ী, যে ব্যালটটা ভোটারের কাছে পাঠানোর কথা সেটা আগে রিটার্নিং অফিসারের কাছে যাবে এবং তিনি ভোটারের কাছে পাঠাবেন। এতে সময় অনেক বেশি লাগার কথা।
কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ব্যালট পেপার ছাপা হওয়ার পর বিশেষ ব্যবস্থায় সেখান থেকেই সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে ভোটারের কাছে সাথে সাথে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দেয়ার পর সেটা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে।
তিনি বলেন, “শুধু জাতীয় নির্বাচন নয়; স্থানীয় নির্বাচনেও ‘ইভিএম’ ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”
বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশ প্রবাসী নাগরিকদের ভোট দেয়ার ব্যবস্থা করে থাকে। সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে দূতাবাসে ভোট দেয়া, এরপর পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। তবে প্রবাসে বাংলাদেশীদের বিস্তৃতি বিবেচনায় দূতাবাসে আয়োজন করার সুযোগ খুবই সীমিত।