বাংলাদেশ প্রবাসীদের জন্য নাগরিক সেবা কেন্দ্র

প্রবাসীদের জন্য নাগরিক সেবা কেন্দ্র


স্টাফ রিপোর্ট


বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বসবাসরত শহরগুলোতে সরকারি সেবার সহজ প্রাপ‍্যতা নিশ্চিত করতে নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হবে। প্রবাসীরা এসব কেন্দ্র থেকে পাসপোর্ট নবায়ন, জাতীয় পরিচয়পত্র সংগ্রহসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা পাবেন।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, প্রবাসীদের সরকারি সেবা পেতে যেসব ভোগান্তি পোহাতে হয়, তা দূর করতে উদ্যোগ নিচ্ছে সরকার। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি বসবাসরত শহরগুলোতে বেসরকারি উদ্যোগে নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হবে।

 

তিনি বলেন, “এগুলো কঠিন কাজ, কারণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা জটিল করে রাখা হয়েছে। তবে এখন সরকারের ভেতরে সাহসী এবং উদ্যোগী কর্মকর্তাদের সহযোগিতায় আমরা এটি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর।”

 

তিনি সাম্প্রতিক সময়ে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ার প্রসঙ্গ টেনে বলেন, “অর্থনীতির দুঃসময়ে প্রবাসীরা এগিয়ে এসেছেন। তাঁদের পাঠানো রেমিটেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আমি আবারও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

এদিকে, প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২৬ মে 'নাগরিক সেবা বাংলাদেশ' কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করেন অধ্যাপক ইউনূস। এসময় তিনি এক ঠিকানায় প্রয়োজনীয় এসব সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিতে আইসিটি বিভাগকে নির্দেশ দেন।