প্রবাসী ভোট: পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি
স্টাফ রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার চূড়ান্ত পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
প্রবাসীদের ভোট দেয়ার পদ্ধতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এমআইএসটি-এর বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশন ৮ এপ্রিল এক কর্মশালার আয়োজন করে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত জানিয়ে ৯ এপ্রিল নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, কর্মশালায় ১০টি উপস্থাপনার মাধ্যমে তিনটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা তুলে ধরা হয়েছে।
বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশ প্রবাসী নাগরিকদের ভোট দেয়ার ব্যবস্থা করে থাকে। সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে দূতাবাসে ভোট দেয়া, এরপর পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং।
সানাউল্লাহ বলেন, “বাংলাদেশী প্রবাসীদের বিস্তৃতি বিবেচনায় দূতাবাসে আয়োজন করার সুযোগ সীমিত। এজন্য এই তিনটি পদ্ধতির তালিকা করা হয়েছে। প্রত্যেকটিরই কিছু সুবিধা, কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন, প্রবাসীদেরকে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে।”
তিনি বলেন, “সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত বলা যাবে না কত সময় লাগবে। নির্বাচন সংস্কার কমিশন পোস্টাল ও অনলাইন পদ্ধতির সুপারিশ করেছে। তাঁরা ট্রায়াল পর্যন্ত আটটা ধাপের কথা বলেছেন। তবে ট্রায়াল কতদিন চলবে সেটা নেই। কাজেই এটা কারিগরি বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন।”
প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে কমিশন বদ্ধপরিকর জানিয়ে কমিশনার বলেন, “ইসি একটা দিনও নষ্ট করছে না। তবে কোন পদ্ধতিতে হবে, সেটা বিশেষজ্ঞ কমিটি কাজ করার পর চূড়ান্ত হবে। এরপর আমরা অংশীজনদের সাথে বসব।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।