প্রবাসীদের ভোটের পদ্ধতি খতিয়ে দেখছে ইসি
স্টাফ রিপোর্ট
আগামী নির্বাচনে এক কোটির বেশি প্রবাসীর ভোট দেয়ার পদ্ধতি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
প্রবাসীদের ভোট দেয়ার তিনটি সম্ভাব্য পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। এগুলো হচ্ছে পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং এবং অনলাইনে ভোট দেয়া।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ ৩০ জানুয়ারি এ বিষয়ে এক সভার পর সংবাদকর্মীদের জানান, “কমিটি এবং উপকমিটি পর্যায়ে আলোচনার পর প্রবাসীদের ভোট দেয়ার জন্য তিনটি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে এসেছে।"
“প্রথমটি হচ্ছে পোস্টাল ব্যালট। এটা খুব বেশি কার্যকর নয়। দ্বিতীয়টি হলো ‘প্রক্সি ভোটিং’ এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু এই পদ্ধতিও জটিল।” তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা কিভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।” তবে নির্বাচন কমিশন ‘অনলাইন ভোটিং’ পদ্ধতি পরীক্ষা করে দেখতে চায় বলে জানা গেছে। নির্বাচন ভবনে বর্তমান কমিশনের তৃতীয় এ সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন প্রধান বদিউল আলম মজুমদার গত অক্টবরে বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয়টি সংস্কারের অন্যতম পদক্ষেপ।
তিনি বলেন, এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করতে কি করা যায়, সেই উপায় খুঁজছে কমিশন। “আমরা চেষ্টা করব, তবে এটা অনেক চ্যালেঞ্জিং।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছিলেন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অতীতে অনেক আশ্বাস দেয়া হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার আগামী নির্বাচনে এটা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।