বাংলাদেশ পাচার করা অর্থ পুনরুদ্ধারে সহায়তা করবে কানাডা

পাচার করা অর্থ পুনরুদ্ধারে সহায়তা করবে কানাডা


ডেস্ক রিপোর্ট


বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে কানাডা সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অজিত সিং।

 

কানাডার হাইকমিশনার ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা সম্পদ পুনরুদ্ধারে তাঁর সরকারের সহযোগিতা কামনা করলে অজিত সিং এ আশ্বাস দেন।

 

অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে অলিগার্ক ব্যবসায়ী, তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত কোটি মার্কিন ডলার চুরি করেছেন এবং এর একটি অংশ কানাডায় পাচার করে টরন্টোর ‘বেগমপাড়া’ এলাকায় সম্পদ কেনা হয়েছে। তিনি এসব সম্পদ শনাক্ত, জব্দ ও পুনরুদ্ধার করতে কানাডা সরকারের সহায়তা চান।

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘তারা আমাদের জনগণের টাকা চুরি করে সম্পদ কিনেছে। আমরা এ সম্পদ পুনরুদ্ধার করতে আপনাদের সহায়তা চাই। এটি আমাদের জনগণের সম্পদ।’

 

অধ্যাপক ইউনূসের সরকার চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে যে প্রচেষ্টা চালাচ্ছে, তাকে স্বাগত জানিয়ে হাইকমিশনার বলেন, চিহ্নিত ব্যক্তিদের পাচার করা অর্থ একটি ‘প্রক্রিয়ার’ মাধ্যমে জব্দ এবং তা পুনরুদ্ধার করার ব্যবস্থা করতে পারে কানাডা সরকার।

 

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিকে সহযোগিতা দিতে তাঁর দেশ প্রস্তুত রয়েছে।

 

অধ্যাপক ইউনূস বলেন, বর্তমানে বহু বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছে। তাই ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপন করা প্রয়োজন।

 

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।